বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসা সহায়তার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
রোববার (২৬ জুলাই) উপাচার্যকে উদ্দেশ্য করে দেওয়া স্মারকলিপিটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, তাদের সহপাঠী অহনা জেবিন ইরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পায়ের একটি ক্ষত নিয়ে চিকিৎসা নিতে গেলে সেখানে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও কম্পাউন্ডারের অবহেলার কারণে তার অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাকে একাধিকবার অস্ত্রোপচার করাতে হয়েছে। এতে তিনি শারীরিক, মানসিক ও শিক্ষাজীবনে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করা হয়।
এ ঘটনায় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো—
১. ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও দ্রুত তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা।
২. অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।
৩. ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসা, অস্ত্রোপচার ও পুনর্বাসনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা।
৪. ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা, দায়বদ্ধতা ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করা।
৫. ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা ও একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিলে শুধু ভুক্তভোগী শিক্ষার্থীই ন্যায়বিচার পাবেন না, বরং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার প্রতি শিক্ষার্থীদের আস্থাও পুনঃপ্রতিষ্ঠিত হবে।