বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সনদ বিতরণ এবং র‍্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ২.০’ শেষ হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

বিশেষ অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মনিরা আহসান, অতিরিক্ত রেজিস্ট্রার মো. আলমগীর হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ রাকিব আল মামুনের বক্তব্যের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এরপর আইকিউ টেস্ট প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সনদ বিতরণ এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ে কর্মরত ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীরাও বক্তব্য দিয়ে বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।

এর আগে শনিবার (২২ আগস্ট) কার্নিভালের প্রথম দিনে ফার্মা অলিম্পিয়াড, বৈজ্ঞানিক সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মানারাতসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেন।

ফার্মেসি ক্লাব আয়োজিত এ কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বিকাশের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সুস্থ প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি হয়।