২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামী বছরের ১৪ মার্চ শুরু এবং ১৫ এপ্রিল শেষ হবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, পরীক্ষা পেছানোর আর সুযোগ নেই। নির্ধারিত সময়েই সম্পন্ন হবে। প্রথমত আগামী জানুয়ারিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা থেকে সরে এসে নতুন করে পরীক্ষার এই সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। তবে নতুন বছরে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজান ও ঈদের ছুটি শেষে ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এবং ধারাবাহিকভাবে তা শেষ হবে ১৫ এপ্রিল।
গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমানে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। যেখানে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই সঙ্গে ওই বছর মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।