আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অ্যাভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন অ্যাভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। আগামী অক্টোবরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সও কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করবে।

তিনি বলেন, কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স কক্সবাজার থেকে সরাসরি ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় চলছে। প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

বিমানমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে পর্যটন খাতের পাশাপাশি দেশের এভিয়েশন খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বিশেষ করে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ তৈরি হলে পর্যটন শিল্প আরও সম্প্রসারিত হবে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ চলছে। আগামী সেপ্টেম্বর মাসে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বাড়ার পাশাপাশি সেবার মানও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন এম রশিদুজ্জামান মিল্লাত।

সৌজন্য সাক্ষাৎকালে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার নতুন দায়িত্ব পাওয়ায় বিমানমন্ত্রীকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি মন্ত্রীর নেতৃত্বে দেশের এভিয়েশন ও পর্যটন খাত আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ এটিজেএফবির সদস্যরা উপস্থিত ছিলেন।