ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন প্রো-ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। মঙ্গলবার (২৮ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর পরদিন বুধবার সকালে ডুয়েটের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে নবনিযুক্ত প্রো-ভিসিকে শুভেচ্ছা জানান।
নবনিযুক্ত প্রো-ভিসিকে অভিনন্দন জানিয়ে ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ডুয়েটের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, অধ্যাপক ড. প্রকৌশলী রুমা তাঁর দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পাশাপাশি ডুয়েটকে শিক্ষার্থীবান্ধব, গবেষণাকেন্দ্রিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নেও তিনি কার্যকর ভূমিকা পালন করবেন।
দায়িত্ব গ্রহণের পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে আধুনিক, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন ডুয়েট গড়ে তোলাই হবে তাঁর অঙ্গীকার। এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
গত ২৭ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. প্রকৌশলী রুমাকে চার বছরের জন্য ডুয়েটের প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বর্তমানে ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।
তিনি ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক (ইঞ্জিনিয়ারিং) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে পালস পাওয়ার অ্যান্ড প্লাজমা বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।
গবেষণার ক্ষেত্রে হাই-ভোল্টেজ ডিসচার্জ প্লাজমা, নবায়নযোগ্য জ্বালানি, পাওয়ার ইলেকট্রনিক্স এবং পাওয়ার সিস্টেমস বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল এবং কনফারেন্স প্রসিডিংসে তাঁর ৩৯টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন গবেষণা প্রকল্পের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দের খোলা গ্রামে ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। তাঁর বাবা মরহুম হারুন অর রশিদ এবং মা রেহানা পারভীন। তাঁর স্বামী ড. প্রকৌশলী আহসান হাবীব সিটি ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জননী।