জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে আয়োজিত বেসিক কম্পিউটার কোর্সের সফল সমাপ্তি ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাকসুর কাউন্সিল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাকসু এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। আয়োজকদের তথ্যমতে, কোর্সটিতে ৫০০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কোর্স শেষে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৪৬ জন শিক্ষার্থী সার্টিফিকেট অর্জনের জন্য মনোনীত হন।

1000227592

জাকসুর কার্যকরী সদস্য আবু তালহার সঞ্চালনায় অনুষ্ঠানে ক্যারিয়ার বিষয়ক বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আবদুর রাজ্জাক, জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা এবং কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুন। বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মউন্নয়ন ও কর্মসংস্থানের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পরীক্ষায় প্রথম পাঁচজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ৫০ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য Canva Premium সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

জাকসুর কার্যকরী সদস্য ও কোর্স সমন্বয়ক আবু তালহা বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শুধু একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়; প্রযুক্তিগত দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য থেকেই জাকসু শিক্ষার্থীদের জন্য বেসিক কম্পিউটার কোর্সের আয়োজন করেছে। আমাদের এই উদ্যোগে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ প্রমাণ করে, তারা নিজেদের দক্ষতা উন্নয়নে আগ্রহী। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।”