স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা, গাজীপুর শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য ও প্রতিভার স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।

মাদরাসার শাখা প্রধান হাফেজ মাওলানা আকরাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর নূরুল আবছার ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর মুহাদ্দিস ড. রফিকুল ইসলাম আল মাদানি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। প্রধান অতিথি ছিলেন গাজীপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর হাবিবুল্লাহ মোহাম্মদ আল আমিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি (দক্ষিণ) জোনের ওসি নাহিদ হাসান সুমন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক আবু সাঈদ মো. নূরে হাবিব, তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা, গাজীপুর (বয়েজ) শাখার প্রিন্সিপাল আবু সা'দাত লুলু এবং তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, উত্তরা শাখার ভাইস প্রিন্সিপাল মঈনুদ্দিন সরকার।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় শাখা প্রধানের সঙ্গে দায়িত্ব পালন করেন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মো. আলী আহসান, আমিনুল, মো. নাসরুল্লাহ মাসরুর, নাজেমে তালি'মাত মো. সারোয়ার হোসেন, আরবি শিক্ষক মো. ইসহাক আহম্মেদ এবং সংস্কৃতি বিষয়ক শিক্ষক ইমাম সাজিদসহ হিফয ও জেনারেল বিভাগের শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সংস্কৃতি বিষয়ক শিক্ষক ইমাম সাজিদের পরিকল্পনা ও পরিচালনায় শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, ক্বিরাত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি ও বক্তৃতাসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।

কোমলমতি শিক্ষার্থীদের এসব সৃজনশীল ও নান্দনিক পরিবেশনা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও উপভোগ্য।

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের নৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আগামী দিনে আরও ভালো ফলাফল ও গুণগত শিক্ষা অর্জনে তাদের উৎসাহিত করা হয়।