ববি প্রতিনিধি: স্থানীয় বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক প্রথম বর্ষের গণিত বিভাগের চার শিক্ষার্থী। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে বরিশালের রূপাতলী আবাসিক এলাকার দিঘিরপাড় মোড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সাদিক, রাব্বি, মেহেদী হাসান ও রিয়াদ।
ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, তাদের ইমিডিয়েট সিনিয়রদের ডাকে সাড়া দিয়ে দেখা করতে কাঁঠালতলার উদ্দেশে যাওয়ার পথে স্থানীয় কয়েকজন বখাটে তাদের ওপর হামলা চালায়। তাদের দাবি, সিনিয়ররা রাত ৯টার দিকে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য তাদের ডেকেছিলেন।
পরে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন। এ সময় একজন অভিযুক্তকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় তাদের একজনের কাছ থেকে নগদ এক হাজার টাকা ও একটি এটিএম কার্ড নিয়ে নেওয়া হয়।
ঘটনাস্থল থেকে আটক অভিযুক্তের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাহি, কাউসার, হাসান, হাসিবসহ ১০ থেকে ১২ জন এই হামলায় জড়িত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ ও গণিত বিভাগের চেয়ারম্যান বিজন কৃষ্ণ সাহার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।