সদ্যবিদায়ী জুলাই মাসে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট একাধিক লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হয়। চলতি মাসে তাপপ্রবাহ ও বন্যার শঙ্কা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগস্ট মাসে সার্বিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কম বৃষ্টিপাতের মধ্যেও উজান ও দেশের অভ্যন্তরে সাময়িক ভারী বর্ষণের প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
গত মাসের আবহাওয়া পর্যালোচনা করে দেখা যায়, ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বাকি সাতটি বিভাগেই স্বাভাবিক অপেক্ষা অনেক বেশি বৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে ৫১ শতাংশ, সিলেট বিভাগে ৩৭ দশমিক ৩ শতাংশ এবং ঢাকা বিভাগে প্রায় ৩৩ দশমিক ৪ শতাংশ, খুলনা বিভাগে ৫৩ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পুরো মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল গত ৮ জুলাই চট্টগ্রামে। সেখানে এক দিনেই ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। মাসটিতে বঙ্গোপসাগরে মোট তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে দুটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূলীয় এলাকা এবং পার্শ্ববর্তী রাজ্য অতিক্রম করে।