ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরীর উদ্যোগে ছাত্রদল কর্তৃক চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রশিবিরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে মহানগরীর বরেন্দ্র জাদুঘর থেকে শুরু করে রাজশাহী কলেজ গেট, সাহেব বাজার জিরোপয়েন্ট, কুমারপাড়া প্রদক্ষিণ করে সোনাদীঘি মোড়ে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যন্ত মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল কর্তৃক শিক্ষাঙ্গনে অব্যাহত সন্ত্রাস এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রশিবিরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শিবির সভাপতি ইমরান নাজির। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, নাজির আহমেদ সুপ্ত, জহির রায়হান, মাহমুদুল হাসান মাসুম, আবু তালহা প্রমুখ। বক্তারা বলেন, “আমরা ৫ আগস্টের পর আশা করেছিলাম বাংলাদেশ থেকে খুনের রাজনীতি চিরতরে বিদায় নেবে। আমরা ভেবেছিলাম তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ভিন্ন ধারায় রাজনীতি প্রবাহিত হবে। বাংলাদেশে একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে।

কিন্তু বাস্তবতা আমাদের সেই আশাকে ভেঙে দিয়েছে। ছাত্রদলকে বলতে চাই সত্যকে কোনদিন চাপে রাখা যায় না। আপনারা ছাত্রলীগ থেকে শিক্ষা নিন। বিভিন্ন ট্যাগ দিয়ে ছাত্রশিবির সংগঠনকে দাবিয়ে রাখা যাবে না। আমরা বাংলাদেশের শিক্ষাঙ্গনে চাঁদাবাজ মুক্ত ক্যাম্পাসে চেয়েছিলাম। কিন্তু পুনরায় ফ্যাসিবাদী কায়দায় দেশের রাজনীতি শুরু করেছেন।”