মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী সহকর্মীদের মধ্যে এক রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকার একটি শ্রমিক আবাসনে বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে।
নিহত, আহত এবং এই ঘটনার প্রধান সন্দেহভাজন ব্যক্তি সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ প্রথমে তামান লিঙ্গির একটি বাড়ি থেকে একজনকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট এলাকার একটি বাগান থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সংঘর্ষে আহত অপর বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করে দ্রুত রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। তার বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি।
নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদ জানিয়েছেন, মামলাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যাকাণ্ড হিসেবে) তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে আজ মঙ্গলবার (৪ আগস্ট) পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশ ধারণা করছে, এই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনাটি একাধিক স্থানে সংঘটিত হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন বিরোধের জেরে এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।