দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বাড়তে থাকা গ্যাসের চাহিদা পূরণে বিদ্যমান ক্ষেত্রগুলোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আরও বিনিয়োগ করতে শেভরনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে পুরোনো ও বিদ্যমান গ্যাসক্ষেত্রে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দেশে নতুন গ্যাসের মজুত অনুসন্ধানে প্রতিষ্ঠানটির আরও সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে বিদ্যমান গ্যাসসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নতুন উৎস অনুসন্ধান ও উন্নয়নে বেসরকারি ও আন্তর্জাতিক বিনিয়োগকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শুশিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।