গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনটি ইয়াবা ট্যাবলেটসহ কোকিলা (২৫) নামে এক নারীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) শ্রীপুর পৌরসভার পশু হাসপাতালসংলগ্ন এলাকায় একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোকিলার কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, অভিযানের সময় কোকিলার কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোকিলা শ্রীপুর পৌরসভার পশু হাসপাতালসংলগ্ন এলাকার বাসিন্দা এবং সম্রাটের স্ত্রী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় তার মাদক ব্যবসার কার্যক্রম ছিল। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শ্রীপুরে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক বিক্রি, সরবরাহ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।