রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্যকালে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান জেলার মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, যেসব এলাকায় মাদকের বিস্তার তুলনামূলক বেশি, সেসব এলাকায় নিয়মিত ও ব্যাপকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অধ্যাপক মো. মুজিবুর রহমান আরও বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য মারাত্মক হুমকি। তাই শুধু অভিযান পরিচালনাই নয়, মাদকের বিস্তার রোধে কার্যকর নজরদারি ও সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
সভায় রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।