পাইকারি বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি দেড় টাকা বা ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় পিডিবি।

শুনানিতে চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা ও আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, দাম না বাড়ালে মারাত্মক ঝুঁকিতে পড়বে বিদ্যুৎ খাত।

তবে দাম বাড়ানোর এই প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা। তাদের অভিযোগ, খাতের অনিয়ম ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।

অংশীজনরা আরও বলেন, 'এমন সময় বিদ্যুতের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি আরও বাড়বে এবং উৎপাদন খাতেও নেতিবাচক প্রভাব পড়বে, যা উদ্যোক্তাদের প্রতিযোগিতায় পিছিয়ে দেবে।'

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ মে) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।