রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর থেকে শক্তিশালী বোমা (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, "রাজধানীর অন্যতম জনবহুল ও ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রোস্টেশনের নিচে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরক বা বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক। সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। এ ধরনের হীন ও দেশবিরোধী কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যই হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া।"

তিনি আরও বলেন, "দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো দেশবিরোধী চক্রান্ত ও অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ ও তৎপর থাকতে হবে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। আমি মেট্রোস্টেশনসহ সারাদেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণকালে স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তাঁর সুষ্ঠু ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।"

মিয়া গোলাম পরওয়ার বলেন, "অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করতে হবে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ জাতীয় নাশকতা চালানোর সাহস না পায়।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো উসকানি ও নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।"