দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনরায় বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকারের এমন পদক্ষেপকে 'জনবিরোধী' আখ্যা দিয়ে অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, এমনিতেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ দিশেহারা। এর মধ্যে গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত এলপিজি ও অটোগ্যাসের দাম নতুন করে বাড়ানোয় ভোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চেপে বসেছে। এতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সরকারের নীতিগত সমালোচনা করে তিনি বলেন, সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করেছে। এর প্রভাবে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যবিত্তসহ সর্বস্তরের মানুষের আয় না বাড়লেও ক্রমাগত ব্যয় বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে। এর ফলে প্রতি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা পূর্বে ছিল ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়িয়ে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা করা হয়েছে।

জামায়াতের এই শীর্ষ নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, গ্যাসের এরূপ মূল্যবৃদ্ধি দেশের উৎপাদন খাতসহ অর্থনৈতিক সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের চাহিদা পূরণে প্রয়োজনীয় এলএনজি আমদানির উদ্যোগ নেওয়ার পাশাপাশি অবিলম্বে এলপিজির এই বর্ধিত দাম প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।