আজ ২ আগস্ট (রোববার) বেলা ২টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মুক্তিযোদ্ধা হলে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকার কেন্দ্রীয় ছাত্রসংসদের আয়োজনে ‘অগ্নিঝরা জুলাই গণ-অভ্যুত্থানে মাদরাসা ছাত্র-শিক্ষকদের অবদান ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নূরুল ইসলাম সাদ্দাম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব সিবগাতুল্লাহ সিবগা।

সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ট্রাস্টের সেক্রেটারি ও সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ যাইনুল আবেদীন, গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো. নূর নবী মানিক, জামিয়া আরাবিয়া ইসলামিয়া, ঢাকার মুহাদ্দিস মাওলানা আবু তাহের জিহাদী, জনপ্রিয় ইসলামিক স্কলার আলী হাসান ওসামা, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ছাত্রসংসদের ভিপি তোফায়েল আহমাদ।

সেমিনারে বক্তারা বলেন, ঐতিহাসিক চব্বিশের জুলাইয়ে শুরু হওয়া স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন ও সংগ্রাম গড়ে উঠেছিল, তার সফল পরিণতি হয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ও পালানোর মাধ্যমে। এই আন্দোলন সফল করতে শিশু ও ছাত্রসহ দেড় সহস্রাধিক মানুষকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। হাজার হাজার মানুষকে চোখ হারাতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এবং গুরুতর আহত হতে হয়েছে।

বক্তারা আরও বলেন, এ ত্যাগ ও রক্তের বিনিময়ে মাতৃভূমির শাসন ও রাষ্ট্র পরিচালনার জন্য এক নতুন অধ্যায় তৈরি করার স্বপ্ন ছিল। সে লক্ষ্যে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই গণভোটের রায় বাস্তবায়ন করে বিপ্লবীদের প্রত্যাশা পূরণ করতে হবে। এ প্রত্যাশা পূরণ করার জন্য বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা বলেন, জুলাইয়ের ফ্যাসিবাদ পতনের আন্দোলন ও সংগ্রামে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ৫ জন তরুণ মেধাবী ছাত্র শহীদ হয়েছেন। শহীদ আদিল, শহীদ মুনতাসির, শহীদ নাসির, শহীদ ওসমান ও শহীদ শাকিল সে উত্তাল দিনগুলোতে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনকে ত্বরান্বিত করেছিলেন।