"জুলাই জাগরণ শহীদের রক্তে সিঞ্চিত" স্লোগান এবং "তোমরা যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছো, তোমাদের রক্ত বৃথা যাবে না। এই ত্যাগের পথেই গড়বো ইনসাফের বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর মহিলা বিভাগের উদ্যোগে 'অগ্নিঝরা জুলাই' শীর্ষক আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি, কেন্দ্রীয় শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য সিদ্দিকা খাতুন বিথী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা অধ্যাপিকা মেহেরুন নেছা। বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালিকা রোজিনা রোজি এবং ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালিকা তাহেরা খাতুন।

অনুষ্ঠানে রংপুরের জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অতিথিরা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের ইতিহাসে ন্যায়, মানবিকতা ও গণঅধিকারের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

সভাপতির বক্তব্যে সিদ্দিকা খাতুন বিথী বলেন, "জুলাইয়ের শহীদরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় আমাদের নৈতিকতা, সততা ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।"

প্রধান অতিথি অধ্যাপিকা মেহেরুন নেছা বলেন, "যে জাতি তার শহীদদের স্মরণ করে, সেই জাতি কখনও পরাজিত হয় না। জুলাইয়ের আত্মত্যাগ আমাদের অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার শিক্ষা দেয়। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

বিশেষ অতিথি রোজিনা রোজি বলেন, "জুলাইয়ের চেতনা কেবল একটি সময়ের স্মৃতি নয়, এটি আগামী প্রজন্মের জন্য ন্যায় ও সত্যের পথে চলার প্রেরণা। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আদর্শিক ও নৈতিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"

বিশেষ অতিথি তাহেরা খাতুন বলেন, "তরুণ প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।"

আলোচনা সভার পাশাপাশি জুলাই স্মরণে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, তথ্যচিত্র প্রদর্শনী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।