৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে।

আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হল’-এ উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বিএসি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশ নেবেন।

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেওয়ার কথা রয়েছে প্রবাসী কল্যাণমন্ত্রীর।

সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।