জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ঝিনাইদহে হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। আজ শুক্রবার (২২ মে) বিকেল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলটি হয়। এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দেন দলের নেতারা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বলেছিলেন তার একটা প্ল্যান আছে। এখন দেখা যাচ্ছে, তার প্ল্যান হলো ছাত্র সংগঠনের গুন্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। বিএনপির কোনো সমালোচনা করা যাবে না—এমন ফ্যাসিবাদী কায়দায় আজকে আমাদের নেতাদের ওপর হামলা করা হচ্ছে। অথচ নাগরিক হিসেবে যে কোনো বিষয়ে প্রশ্ন করার অধিকার সবার আছে।’

তিনি আরও বলেন, ‘আগে আওয়ামী লীগ সরকার ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার করত, এখন আপনারাও একই পথে হাঁটছেন। এভাবে দমন-পীড়ন না করে বরং ঘোষণা দিয়ে দেশে স্বৈরশাসন কায়েম করুন।’

এ সময় তিনি আজ রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন। আসিফ মাহমুদ বলেন, যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আপনাদের এই কার্যক্রমকে, এই যুদ্ধকে এই জেনারেশনের সঙ্গে যুদ্ধ ঘোষণা হিসেবে মেনে নেব। যদি গ্রেপ্তার না হয় তাহলে আমাদের সমালোচনাও নিয়মতান্ত্রিক উপায়ে থাকবে না।