দীর্ঘ সাড়ে ৫ মাস (১৬৮ দিন) অভিভাবকহীন থাকার পর অবশেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টম কমিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
আজ বুধবার (১৯ আগস্ট, ২০২৬) সকাল ৯টার দিকে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে তাঁদের দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতার অবসান হলো।
সংশ্লিষ্টদের আশা, নতুন নেতৃত্বে দুদকের অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনাসহ দুর্নীতি দমন কার্যক্রমে আরও গতি আসবে। দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ, অনুসন্ধান-তদন্তে গতি এবং সংস্থাটিকে আরও শক্তিশালী ও গতিশীল করাই এখন নতুন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ।
গত ৩ মার্চ দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের কারণে দুদক কমিশন শূন্য হয়। দীর্ঘ ১৬৬ দিন শূন্য থাকার পর ১৮ আগস্ট নতুন চেয়ারম্যান ও ২ কমিশনার নিয়োগ পান।