জামিনে কারামুক্ত হয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন তার কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানকালীন বিভিন্ন হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ এবং দুর্নীতির মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। চলতি বছরের এপ্রিল ও মে মাসে উচ্চ আদালত থেকে বিভিন্ন মামলায় তার জামিন মঞ্জুর হলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে এতদিন তার কারামুক্তিতে বিলম্ব হয়।

সাম্প্রতিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে, গত ১৭ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন শুনানির পর চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দেওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকে না। এর পর সব আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণকারী এ বি এম খায়রুল হক ২০১১ সালের ১৭ মে বিচার বিভাগ থেকে অবসরে যান। পরবর্তী সময়ে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।