কৃষিকে ঘিরে মেধা, স্বপ্ন ও সম্ভাবনাকে একসূত্রে গাঁথার প্রত্যয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড ২০২৬’। ‘কৃষির প্রতিটি মেধাবী মন যেখানে মিলিত হয়’ প্রতিপাদ্যে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (আইএএসএএস) বাংলাদেশ-এর গাকৃবি শাখার উদ্যোগে এবং কামারুন এগ্রো ফার্মের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও ক্যারিয়ার কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

ক্যারিয়ার কাউন্সেলিং সেশনে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের বিষয়ে বক্তব্য দেন গাকৃবির সার্জারি অ্যান্ড রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাত্ত্বিকেশ পল। সরকারি চাকরি ও পাবলিক সার্ভিসে ক্যারিয়ার গঠনের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাকৃবির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, বিভিন্ন অনুষদের প্রায় ৫০০ শিক্ষার্থী এবং আইএএসএএস বাংলাদেশ-এর গাকৃবি শাখার সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির গাকৃবি শাখার লোকাল ডিরেক্টর তৌফিকুল ইসলাম।

ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, কৃষি এখন শুধু মাঠে ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই; বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী নয়, সমস্যা সমাধানকারী, উদ্ভাবক ও ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে হবে। গবেষণা, প্রযুক্তি, আন্তর্জাতিক যোগাযোগ ও উদ্ভাবনী চিন্তায় নিজেদের সমৃদ্ধ করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

পরে অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। নিবন্ধনকারী ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে সেরা দশে স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ভিসিসহ আমন্ত্রিত অতিথিরা। এতে প্রথম স্থান অর্জন করেন মোসাঃ তাফসসিয়া তাওহীদ, দ্বিতীয় হন মোঃ মুহিত আল জোবায়ের এবং তৃতীয় স্থান অর্জন করেন সাবরিনা সালাম। বিজয়ীরা প্রাইজমানি, ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।