চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী সিএমএইচে উপস্থিত হয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার বিছানার পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। এ সময় তিনি আহত কর্মকর্তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর এই আকস্মিক ও সহানুভূতিশীল পরিদর্শনে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহস ও সমবেদনা জানান।

উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালীন একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক এক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।