কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় খোকন মিয়া (৪০) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেলিম গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। তাঁর চার বছর, দুই বছর ও নয় মাস বয়সী তিন সন্তান রয়েছে। আহত খোকন মিয়া একই বাড়ির সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে খোকন মিয়াসহ আটজনের একটি দল নিয়ে পাশের নামাপাড়া গ্রামে ধনিয়াপাতা সংগ্রহ করতে যান হেলিম। কাজের একপর্যায়ে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে এবং শুরু হয় বজ্রপাত। এ সময় বজ্রপাতে হেলিম গুরুতর আহত হন। বজ্রপাতের বিকট শব্দে পাশেই থাকা খোকন মিয়া অজ্ঞান হয়ে পড়েন।
পরে সঙ্গে থাকা শ্রমিক ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। আহত খোকন মিয়ার চিকিৎসা চলছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে হেলিমের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।