গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ত্যাগ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। গতকাল শুক্রবার নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারে জুমআর নামাজ শেষে ইলিয়াস আলীর জন্য আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, যারা আন্দোলনে জীবন দিয়েছেন,তাদের ত্যাগ বৃথা যাবে না। এসব ত্যাগের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। তিনি জানান, বিএনপি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী ২ মে তারেক রহমানের সিলেট সফরের সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি বাসিয়া নদীর পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে পারেন। একসময় গুরুত্বপূর্ণ এ নদীটি বর্তমানে প্রায় খালে পরিণত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, নদী পুনরুদ্ধারের মাধ্যমে সিলেট অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এ ছাড়া সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও কিছু কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।