পরিবেশ সংরক্ষণে শিক্ষা, গবেষণা ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬’-এ ভূষিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা।
সবুজ আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যাপক ফরহাদুর রেজা বলেন, পরিবেশ নিয়ে দীর্ঘদিনের শিক্ষা ও গবেষণার কাজ এবং সচেতনতা তৈরির প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা তাঁকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।
নিজের পথচলায় শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, এ পর্যায়ে পৌঁছানোর পেছনে তাঁর শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য তিনি শিক্ষক ও বিভাগের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নগর পরিকল্পনায় পরিবেশের গুরুত্ব তুলে ধরে ড. ফরহাদুর রেজা বলেন, অপরিকল্পিত ও দ্রুত নগরায়ণ বর্তমানে পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। একটি শহর বা অঞ্চল পরিকল্পনার সময় সেখানকার প্রাকৃতিক পরিবেশ ও বিভিন্ন উপাদান সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
তাঁর মতে, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দুর্বলতার কারণেই অনেক ক্ষেত্রে নগরাঞ্চল পরিবেশ দূষণ ও অবক্ষয়ের শিকার হচ্ছে। মানুষের জন্য বাসযোগ্য ও নিরাপদ নগর নিশ্চিত করতে উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় জরুরি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, বিশ্ববিদ্যালয়টিতে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি গবেষণার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যেও গবেষণার আগ্রহ বাড়ছে।
তবে গবেষণার মান আরও এগিয়ে নিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা সাময়িকীতে সহজ প্রবেশাধিকার এবং প্রয়োজনীয় বিভাগগুলোতে আধুনিক গবেষণাগার সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এবার ব্যক্তি পর্যায়ে পরিবেশ বিষয়ে গণসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার জন্য গাজী টেলিভিশনের বার্তা প্রধান ও মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম এবং নিউজ২৪-এর বান্দরবান প্রতিনিধি রতন কুমার দে এ পুরস্কার পেয়েছেন।
প্রতিষ্ঠান পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা ও পরামর্শক কার্যক্রমের জন্য জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশনএইড বাংলাদেশ), সবুজায়নে ভূমিকার জন্য মিশন গ্রিন বাংলাদেশ এবং পরিবেশবান্ধব ও টেকসই নগরায়ণে কাজের জন্য সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড টেকনোলজি লিমিটেডকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।