পটুয়াখালীর বাউফলে কোরবানির পশুর অস্থায়ী হাটের বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন শফিকুল ইসলাম মাসুদ এমপি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী বাউফল পাবলিক ফিল্ডে এ অভিযান পরিচালিত হয়। ঈদুল আজহা উপলক্ষে মাঠে বসানো অস্থায়ী গরুর হাটের বর্জ্য অপসারণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মাসুদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্র এই পাবলিক ফিল্ড। অথচ সেখানে সম্পূর্ণ অবৈধভাবে গরুর হাট বসানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, এই মাঠটি পৌর শহরের মানুষের হাঁটাচলা, ব্যায়াম, অবকাশ যাপন ও বিনোদনের অন্যতম কেন্দ্র। সেখানে অস্থায়ী গরুর হাট বসিয়ে পরিবেশ নষ্ট করা হয়েছে। সামনের দিনগুলিতে জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমরা ভবিষ্যতে একটি ‘গ্রীন বাউফল, ক্লিন বাউফল’ গড়ে তুলতে চাই। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদকি এডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজ আহমেদ খান, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাসেল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।