ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রেক্ষাপটে নির্মাতা ও সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সরকারের ভেতরে ফ্যাসিবাদের 'সফট পাওয়ার'-কে সুযোগ বা স্থান দেওয়া নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। একই পোস্টে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ফারুকী প্রশ্ন রাখেন—সরকারের ভেতরে বসে কারা ফ্যাসিবাদের 'সফট পাওয়ার'-কে স্পেস দিচ্ছে এবং তাদের ক্ষমতায়ন করছে, তা খতিয়ে দেখা দরকার।

সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা 'কালচারাল লীগ' ও 'মিডিয়া লীগ'-এর হোয়াটসঅ্যাপ গ্রুপের অপতৎপরতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জুলাই গণহত্যার অপরাধীদের পুনর্বাসনের ক্ষেত্রে তথাকথিত সুশীল সমাজ ও মিডিয়ার একাংশের ভূমিকার সমালোচনা করেন তিনি। ইতালির ভেনিসে জুলাই-আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের হামলার নিন্দা জানান এবং বাঁধনকে মনোবল না হারানোর বার্তা দেন।