সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন রোগী।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ১৯৬ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ৪০৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৪২, চট্টগ্রামে ১৭৭, খুলনায় ২৪২, ময়মনসিংহে ৭৭, রাজশাহীতে ১১৬, রংপুরে ৭১ এবং সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে দেশে মোট ৪৫ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৩ হাজার ২১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।