কবির আহমদ, সিলেট ব্যুরো: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার নির্বাচিত হয়ে অগণতান্ত্রিক পথে হাঁটছে। তারা নব্য স্বৈরাচারের পথে হাঁটছে। সরকারের সমালোচনা করলেই হামলা করা হচ্ছে, এমনকি চোখ উপড়ে ফেলা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বেড়েছে। মানুষ কষ্টে আছে। এসব নিয়ে সমালোচনা করলেও হামলার শিকার হতে হচ্ছে। হবিগঞ্জে পদযাত্রায় হামলায় এক কিশোরের চোখ নষ্ট হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তারেক রহমান, আপনাকে ওই কিশোরের চোখ ফেরত দিতে হবে। চোখ ফেরত পাওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

নাহিদ ইসলাম বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে তারা শ্রদ্ধা করেন। তবে তাদের নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব মেনে নেওয়া হবে না। দেশে কথা বলার অধিকার, কর্মসংস্থান, খাবারের অধিকার, সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, লাঠিয়াল বাহিনী কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার কোম্পানীগঞ্জে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘তারেক রহমান ছয় মাসে বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেইল করেছেন। আগামীর বাংলাদেশ তিনি চালাতে পারবেন না। এখন সময় এসেছে তরুণদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার।’ তিনি ব্যবসায়ীদের চাঁদা ও সরকারি অফিসে ঘুষ না দেওয়ার আহ্বান জানান। কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি খুলে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবিও জানান তিনি।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল নতুন করে স্বৈরাচার হলে এনসিপি তা মেনে নেবে না। কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে প্রতিরোধ করা হবে। বিএনপি সরকার সরকারি প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে বলেও অভিযোগ করেন তিনি। তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এর আগে গোলাপগঞ্জে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে ঢিল ছুড়ে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে নেতারা সিলেট সার্কিট হাউসে অবস্থান নেন। দিনব্যাপী উদ্বেগ-উৎকণ্ঠার পর রাতে ওসমানীনগরের উত্তর গোয়ালাবাজারে জুলাই পদযাত্রার সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নাহিদ ইসলাম এম. ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রসঙ্গ তুলে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন।

সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও ওসমানীনগরের কর্মসূচিতে এনসিপির নেতারা তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করা এবং সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার করেন। ওসমানীনগরের সমাবেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি নেতা মোশাহিদ আলীকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন ও তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।