বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ বা ফ্যাসিবাদ কায়েম হোক জনগণ তা চায় না। তাই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দীর্ঘদিনের সংকট, অনিয়ম, দুর্নীতি এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। কিন্তু এ প্রক্রিয়ায় অযথা বিলম্ব কিংবা রাজনৈতিক কৌশলের আশ্রয় নেয়া হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে। জনগণের প্রত্যাশা এখন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়; তারা বাস্তব পরিবর্তন দেখতে চায়। বিশেষ করে ভোটাধিকার, সুশাসন, আইনের শাসন এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়ে জনগণের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে বরিশাল মহানগর জামায়াতের রুকনদের নিয়ে অনুষ্ঠিত দুইদিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রায় ৮৫ বছরের প্রাচীন সংগঠন। দীর্ঘ পথ পরিক্রমায় আজ লক্ষ লক্ষ দ্বীনের কর্মীরা শপথবদ্ধ হয়ে সংগঠনকে এপর্যায়ে নিয়ে এসেছে। হাজার হাজার শপথের কর্মী ইসলামের জন্য জান-মাল দিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। আমরাও হয়তো চলে যাবো। কিন্তু দ্বীন প্রতিষ্ঠার কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আল্লাহ ভীতি জাগরুক রেখে জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমাদের জীবনকে গঠন করতে হবে। পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা শুধু মানবিক দায়িত্ব নয়, মহান আল্লাহর কাছেও এটি একটি উত্তম আমল। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, আর সেই মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, মজলুমের পাশে দাঁড়ানো এবং সত্য প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়া ঈমানি চেতনার অংশ।
সভাপতির বক্তব্যে নগর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সীমাহীন জুলুম-নির্যাতন, খুন-গুম ও শাহাদাতের বিনিময়ে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জামায়াত আজকের অবস্থানে দাঁড়িয়েছে। তাই সংগঠনের দায়িত্বশীলদের আত্মশুদ্ধি, শৃঙ্খলা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। নিয়মিত সাংগঠনিক চর্চা, দাওয়াতি কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে কর্মীদের মধ্যে গতি, উদ্যম ও দায়িত্ববোধ বাড়াতে হবে। আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক জীবন ও সামাজিক কর্মকাণ্ডে ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তাহলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
মহানগরীর সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ আতিকুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য একে এম ফখরুদ্দিন খান রাজী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু এমপি, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মাওলানা সফিউল্লাহ তালুকদার, শামীম কবির, আইনজীবী বিভাগের সমিতির সভাপতি এড. আবুল খায়ের শহীদ প্রমুখ নেতৃবৃন্দ।