ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের নেতৃত্বে কুরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকে ঢাকা-৪ সংসদীয় এলাকার বিভিন্ন স্থানের কুরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে স্থানীয় জামায়াত কর্মীরা।
কুরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, "ক্লিন ঢাকা- গ্রীন ঢাকা" গড়ে তোলা জামায়াতে ইসলামীর অঙ্গীকার। জামায়াতে ইসলামী একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে চায় উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশন জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিচালিত হলে বিশ্বের মধ্যে সবচেয়ে নিরাপদ ও বাসযোগ্য নগরী হবে ঢাকা সিটি।
তিনি আরও বলেন, অতীত যারা ঢাকা সিটি করপোরেশনের মেয়র হয়েছে, কাউন্সিলর হয়েছে তাদের কেউ ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করেনি। যার ফলে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরবাসীর ভোগান্তি নিরসনে জামায়াতে ইসলামীর ব্যাপক ভিত্তিক পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামীর ঢাকা সিটি হবে আধুনিক ও নিরাপদ বাসযোগ্য নগরী। যেখানে জলাবদ্ধতা থাকবে না, গ্যাস-বিদ্যুৎ-নিরাপদ পানির সংকট থাকবে না, যত্রতত্র ময়লার স্তূপ দেখা যাবে না। একটি পরিকল্পিত আধুনিক ঢাকা সিটি গড়ে তুলতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
বর্জ্য অপসারণ কার্যক্রমে যাত্রাবাড়ী শ্যামপুর থানা আমীর মাওলানা মুহাম্মদ যাকীর হুসাইন, ৫১ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।