দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি প্রশ্ন তুলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জাহিদুল ইসলাম লেখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ‘পল্টন ও শাহবাগের ইস্যু’ টেনে এনেছেন। আইনশৃঙ্খলা নিয়ে স্পেসিফিক প্রশ্ন না করলে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন না বলেও মন্তব্য করেন তিনি।

জাহিদুল ইসলাম তাঁর পোস্টে বিরোধীদলীয় সংসদ সদস্য ও অন্যদের ওপর হামলার কয়েকটি ঘটনার উল্লেখ করেন। এর মধ্যে ঢাকা-১৬ আসনের জামায়াতের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের ওপর মব হামলা, নেত্রকোনার সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুর, কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলা এবং পাবনায় সংসদ সদস্য নাজিব মোমেনের ওপর হামলার কথা উল্লেখ করেন।

এ ছাড়া যশোরের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘিরে মব সৃষ্টির ঘটনা, এনসিপি নেতা ও সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা এবং হবিগঞ্জে কয়েকজন বিরোধীদলীয় সংসদ সদস্যের গাড়িবহরে হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।

পোস্টে হামলায় শিক্ষার্থী আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঘটনাও উল্লেখ করেন জাহিদুল ইসলাম।

তিনি আরও লেখেন, হত্যা, ধর্ষণ, ছিনতাই, কিশোর গ্যাং ও মাদকের উৎপাতসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রদল ও যুবদলের হামলার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জাহিদুল ইসলাম বলেন, এসব ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে পড়ছে না। তাঁর ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী যেন সংবিধান গবেষণাতেই ব্যস্ত।

পোস্টের শেষাংশে জাহিদুল ইসলাম প্রশ্ন তোলেন, ‘প্রশ্ন হলো—তিনি কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’ এত ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণ দেখে মনে হচ্ছে, এসবের কিছুই তিনি জানেন না বলেও মন্তব্য করেন তিনি।