ডাকসুর উদ্যোগে ‘৪৭:দেশভাগ নাকি আজাদীর প্রথম দুয়ার? ভারত ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ‘৪৭:দেশভাগ নাকি আজাদীর প্রথম দুয়ার? ভারত ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ক্রিটিক ইমরুল হাসান, পিএইচডি গবেষক জান্নাতে গুলশান, লেখক, গবেষক ও ক্রিটিক মনোয়ার শামসী সাখাওয়াত, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, প্রাবন্ধিক ও সম্পাদক ফয়সাল আহমেদ, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৪৭ সালের দেশভাগ শুধু ভৌগোলিক বিভাজনের ঘটনা ছিল না; এটি ছিল উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক আত্মপরিচয়, সাংস্কৃতিক নিরাপত্তা ও স্বাধীন অস্তিত্ব রক্ষার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের মধ্য দিয়ে যে রাষ্ট্রীয় বাস্তবতা তৈরি হয়েছিল, তা আজও ভারত ও বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি ও আঞ্চলিক সম্পর্কের ওপর গভীর প্রভাব বিস্তার করছে।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান নিপীড়ন, নাগরিক অধিকার সংকোচন এবং উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান দেশভাগের ঐতিহাসিক প্রেক্ষাপটকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। একইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় জাতীয় ঐক্য, ইতিহাস সচেতনতা এবং তরুণ সমাজের বুদ্ধিবৃত্তিক চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এছাড়াও বক্তারা ভারতের নির্বাচন-পরবর্তী ধর্মীয় উগ্রবাদ, সংখ্যালঘু নির্যাতন ও উপমহাদেশের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করেন।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া ও ফজলে রাব্বি সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কমনরুম রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে ছালমা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।