রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর: বিএনপি

৭০ অনুচ্ছেদ এমপিদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের অন্তরায়: ১১ দলীয় ঐক্য

মিয়া হোসেন

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট প্রদানের বিষয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধি নিষেধ। যার কারণে নির্বাচনের আগেই ফলাফল অনেকটা নিশ্চিত হয়ে আছে। ইতোমধ্যে এই ৭০ অনুচ্ছেদ সংশোধনের আগে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত করার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে। আদালতে আদেশ না আসা পর্যন্ত তারা তাদের কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাবেন। এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেয়া হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে হাইকোর্টে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের আগে তফসিল স্থগিত করার জন্য রিট দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে ইসি কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আদালতের আদেশ আসার আগ পর্যন্ত ইসি নিরব থাকছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার আমার নেই। প্রার্থীতা বাছাই করা হয়েছে। ১৮ তারিখ প্রত্যাহারের তারিখ। ২০ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘৭০ অনুচ্ছেদ এমপিদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের অন্তরায়’

ঢাকা-১৬ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য ও ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি আবদুল বাতেন বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকুক, তা আমরা চাই। বিষয়টি আরও সুন্দর হতে পারে, কিন্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে বড় ধরনের অন্তরায়। আমরা চাই যেকোনো মূল্যে এ ধারাটি সংশোধন করতে হবে।

মনোনয়ন বাছাইয়ের পর ইসিতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে না। নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য মনোনয়ন জমা দিয়েছি। প্রায় ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকুক, তা আমরা চাই।

৭০ অনুচ্ছেদের প্রসঙ্গে প্রশ্ন তোলাটা অবান্তর : বিএনপি

এ দিকে নির্বাচন কমিশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ বিষয়ে বলেছেন, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। আসন্ন এই নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গে প্রশ্ন তোলাটা অবান্তর।

জামায়াতের প্রতিনিধি, অর্থাৎ ১১ দলের প্রতিনিধিরা বলছেন, ৭০ অনুচ্ছেদ সংশোধন হওয়া দরকার। এ বিষয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, ‘সেটা পরের চ্যাপ্টার। পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে। এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগেই প্রশ্নটা অবান্তর। একটা কনফিউশন সৃষ্টি করে লাভ নেই।

‘১১ দলীয় জোট বলছে এটা বড় অন্তরায়, রাষ্ট্রপতি নির্বাচনে এটা বড় বাধা’ এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘না, বড় বাধা না। প্রচলিত সংবিধান অনুযায়ী, আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে যেখানে বাধা আছে, সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকেই সংশোধন করতে হবে।