গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবার এবং ১০টি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ আদালতের আদেশের মাধ্যমে অবরুদ্ধ বা জব্দ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে তিনি জানান, জব্দ করা সম্পদের মধ্যে দেশে থাকা প্রায় ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে থাকা প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।
চুরি হয়ে বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে উল্লেখ করে বিএফআইইউ প্রধান বলেন, বছরের শেষ নাগাদ সম্পদ উদ্ধারের বিষয়ে সুখবর দিতে পারব বলে আশা করছি।
তিনি আরও বলেন, সন্দেহজনক আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয় না।
‘আমরা দল-মতের দিকে তাকাই না। সন্দেহজনক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তী সরকারের কেউ জড়িত থাকলেও সেটিও তদন্তে উঠে আসবে,’ বলেন তিনি।
বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অর্থপাচার প্রতিরোধ, সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ এবং বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বিএফআইইউর চলমান কার্যক্রম ও অগ্রগতির বিভিন্ন দিকও তুলে ধরা হয়।