হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা : হাটহাজারী এলএসটিডি প্রকল্পের আওতায় হাটহাজারীর প্রযুক্তি গ্রাম চারিয়ায় কৃষকদের মাঝে উন্নতমানের বীজ সংরক্ষণপাত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

কর্মসূচির আওতায় কৃষকদের হাতে তুলে দেওয়া হয় আধুনিক ও টেকসই বীজ সংরক্ষণ পাত্র। এর ফলে কৃষকরা নিরাপদ ও বিজ্ঞানসম্মত উপায়ে বীজ সংরক্ষণ করতে পারবেন। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে মাঠ পর্যায়ে বীজ ব্যবস্থাপনা আরও কার্যকর ও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাটহাজারীর উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম।

এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, “কৃষক পর্যায়ে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাতের বীজ উন্নত ও টেকসইভাবে সংরক্ষণ এবং সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত বীজ সংরক্ষণ ব্যবস্থা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সীতাকুণ্ড স্যাটেলাইট স্টেশন কর্মসূচিটি বাস্তবায়ন করে। মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতা দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাটহাজারী।