‘এক দেশ, এক BANGLA QR’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী জেলায় BANGLA QR-এর বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের তত্ত্বাবধানে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
সভায় BANGLA QR-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে BANGLA QR ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের পরিচালক মো. হাফিজুর রহমান, পরিচালক প্রদীপ রঞ্জন দেবনাথ এবং অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান।
এ ছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল জোনাল হেড মো. সরোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপপরিচালক ও ডেপুটি হেড মো. সরোয়ার হোসাইন।
মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা BANGLA QR-এর মাধ্যমে লেনদেন সম্প্রসারণ, ব্যবসায়ীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও গতিশীল করার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, BANGLA QR-এর ব্যাপক ব্যবহার দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা একটি অভিন্ন QR ব্যবস্থার মাধ্যমে লেনদেনের সুবিধা পাবেন।
তারা আরও বলেন, পটুয়াখালীর ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে BANGLA QR ব্যবহারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে এর ব্যবহার নিশ্চিত করা গেলে জেলায় ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি আরও বিস্তৃত হবে। এজন্য ব্যবসায়ী, ব্যাংকার ও গ্রাহকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।