হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে হজ বুথের উদ্বোধন করেন।

উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম এফসিএ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, ইঞ্জিনিয়ার মোঃ ইদ্রিস আলী, মোঃ মনজুরুল আলম, মোঃ শরীফ চৌধুরী, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমানসহ শীর্ষ নির্বাহীবৃন্দ এবং সম্মানিত হজযাত্রীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোঃ রাফাত উল্লা খান তাঁর বক্তব্যে বলেন, হজযাত্রা মুসলমানদের জীবনের এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেখানে অংশগ্রহণকারী প্রত্যেকেই আল্লাহর সম্মানিত মেহমান। এ মহান ইবাদত পালনে আগ্রহীদের সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্য নিয়েই আল-আরাফাহ ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তিনি আরও বলেন, হজযাত্রীদের সুবিধার্থে ব্যাংকটি সময়োপযোগী ও শরীয়াহসম্মত বিভিন্ন সেবা চালু করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় তিনি ব্যাংকের বিভিন্ন ডিপোজিট স্কিমের সুবিধা তুলে ধরে উপস্থিত সবাইকে শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।বক্তব্যের শেষাংশে তিনি হজযাত্রীদের কাছে দোয়া কামনা করেন এবং তাদের সুস্থতা, নিরাপত্তা ও সফলভাবে হজ সম্পাদনের জন্য আন্তরিক শুভকামনা জানান।

অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত শতাধিক হজযাত্রীর হাতে ব্যাংকের পক্ষ থেকে হজ ব্যাগ, ছাতা এবং হজ গাইডলাইনসম্বলিত হজ সহায়িকা উপহার সামগ্রী হিসেবে তুলে দেন। ব্যাংকের উদ্যোগে এ বছর মোট প্রায় ১৫,০০০ জন হজযাত্রীর মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ব্যাংকের মাধ্যমে এ বছর মোট ১৪,৭৭৪ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন, যা দেশের মোট হজযাত্রীর প্রায় ২০%। এছাড়াও, উদ্বোধনকৃত বুথের মাধ্যমে হজযাত্রীদের জন্য ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, জরুরি চিকিৎসা সেবা এবং হজ বিষয়ক তথ্য প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে।

প্রেসবিজ্ঞপ্তি।