পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, সততা, আন্তরিকতা ও ন্যায্যতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসায়ীদের পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলে সফলতা অবশ্যই আসবে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় পাবনার ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) পাবনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘শিল্পের বিকাশ ও আজীবন সদস্য’ উপলক্ষে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; এর সঙ্গে মানুষের কল্যাণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নও জড়িত। তাই ব্যবসায়ীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ন্যায্যতার ভিত্তিতে ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে পারলে দেশে শিল্প ও বাণিজ্যের আরও বিকাশ ঘটবে।

তিনি বলেন, ‘ব্যবসা আপনাদের হাতের মধ্যে। পরিশ্রম, সততা ও আন্তরিকতার মাধ্যমে সেই ব্যবসাকে এগিয়ে নিতে হবে। তাহলেই ব্যক্তি, সমাজ ও দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনা সম্ভব।’

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে ব্যবসার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের সংগঠিত হয়ে নিজেদের সমস্যা তুলে ধরার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ব্যবসায়ীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং শিল্প ও বাণিজ্যের প্রসারে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

তিনি আরও বলেন, সংগঠনের মূল শক্তি হচ্ছে সদস্যদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ। ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সাংগঠনিকভাবে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী ব্যবসায়ী নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।

আইবিডব্লিউএফ পাবনা জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি নুর এ ইসলাম উজ্জ্বল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের বগুড়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ সেলিম রেজা, ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইকবাল হোসাইন, আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ এবং উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।

অনুষ্ঠানে পাবনার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় শিল্পের বিকাশ, ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারসহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।