আগামী ৩০ দিন হরমুজ প্রণালীর সম্পূর্ণ তত্ত্বাবধান, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে বলে ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৮ জুন) ইরাক সফরকালে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার পটভূমিতে ইরানের পক্ষ থেকে এই ঘোষণাটি এলো।

আরাগচি জানান, এ সময়ের মধ্যে প্রণালীতে চলাচলের সব ধরনের বাধা দূর করে স্বাভাবিক নৌযান চলাচল পুরোপুরি পুনরুদ্ধারে কাজ করছে তেহরান।

আরাঘচি বলেন, তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন।

তিনি বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালীর সম্পূর্ণ তদারকি ও ব্যবস্থাপনা ইরানের অধীনেই থাকবে। প্রণালীতে বিদ্যমান সব বাধা অপসারণের পর এর পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালী পরিচালনার দায়িত্ব একমাত্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের। এ বিষয়ে অন্য কোনো দেশ বা পক্ষের কোনো ভূমিকা নেই এবং এটি ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।Geographic Reference

তিনি সতর্ক করে বলেন, কোনো দেশ যদি একতরফাভাবে হস্তক্ষেপ করে বা নিজস্ব উদ্যোগে কোনো পদক্ষেপ নেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে এবং হরমুজ প্রণালী পুরোপুরি পুনরায় চালুর প্রক্রিয়া বিলম্বিত হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। ফলে এ জলপথের নিরাপত্তা ও স্বাভাবিক নৌচলাচল আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।