ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদ থেকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হলে সেটি বড় ধরনের ভুল হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতির প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। প্রস্তাবিত উদ্যোগের আওতায় বিশ্বকাপের বাণিজ্যিক অধিকারের একটি অংশ প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে বিক্রির পরিকল্পনা ছিল। ইউরোপীয়, এশীয় ও উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল কর্তৃপক্ষ এ পরিকল্পনার বিরোধিতা করে। পরে ফিফা প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়।
এরপর থেকেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। উয়েফা, এএফসি ও কনকাকাফ যৌথভাবে তার কর্মকাণ্ডের সমালোচনা করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে ফিফার নেতৃত্বে পরিবর্তনের দাবিও উঠেছে।
এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ফিফা যদি কোনো কারণে তাকে সরানোর কথা বিবেচনা করে, তাহলে সেটি হবে ‘মারাত্মক ভুল’।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথাও ভাবে, তবে তারা একটি মারাত্মক ভুল করবে। তিনি অসাধারণ, যিনি সদ্যই সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপের সভাপতিত্ব করেছেন। তিনি চলে গেলে, এটি আর কখনও এতটা সফল বা লাভজনক হবে না।’
ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা অবশ্য নতুন নয়। গত কয়েক বছর ধরেই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে বিশেষ ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া হয়। এছাড়া বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের ফোনকলের পর যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিত করার ঘটনাও আলোচনায় আসে।
সবশেষ ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ইনফান্তিনো আবারও বিতর্কের কেন্দ্রে চলে আসেন। পরিকল্পনাটি নিয়ে অভিযোগ ওঠে, সম্ভাব্য ক্রেতাদের মধ্যে ট্রাম্পের জামাতার ভাইয়ের কোম্পানিও ছিল।
এখন ট্রাম্পের প্রকাশ্য হুমকির পর ফিফা, উয়েফা, এএফসি কিংবা অন্যান্য ফুটবল সংগঠন কী প্রতিক্রিয়া জানায়, সেটিই দেখার বিষয়।