যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভোরে এ হামলার পর কয়েক ঘণ্টা ধরে পুরো ক্যাম্পাসে লকডাউন জারি রাখা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের কোয়াড অ্যানেক্সেসের কাছে গুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন এবং তাদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ঘটনায় একাধিক সন্দেহভাজন জড়িত ছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী ও কর্মীদের ঘটনাস্থল এড়িয়ে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ৮টা ২১ মিনিটে বিশ্ববিদ্যালয় জানায়, ক্যাম্পাসজুড়ে আগে জারি করা লকডাউন তুলে নেওয়া হয়েছে। তবে তদন্ত চলায় ক্যাম্পাসে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

গুলির ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে চেস্টারফিল্ড কাউন্টি পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়। সংস্থাটিই তদন্তের নেতৃত্ব দিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে নতুন সেমিস্টার শুরুর মাত্র দুই দিন আগে এই গুলির ঘটনা ঘটল।

সূত্র: আল জাজিরা