দ্য ইকোনোমিক টাইমস, পিটিআই, ইন্ডিয়ান এক্সপেস : প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো বিনিয়োগসহ একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে ভারতীয় অবকাঠামো খাত ও আর্থিক প্রতিষ্ঠানে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে আবুধাবি। রাষ্ট্রীয় সফরে বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন মোদি। এটি তার পাঁচ দেশ সফরের প্রথম ধাপ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে এসব চুক্তি বিনিময় করা হয়। চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারত-আমিরাত কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বের কাঠামো সংক্রান্ত সমঝোতা। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া কৌশলগত পেট্রোলিয়াম মজুত এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ নিয়েও দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে উপসাগরীয় দেশটির সঙ্গে ভারতের জ্বালানি নিরাপত্তা সম্পর্ক আরও শক্তিশালী হবে। আরেকটি চুক্তির আওতায় ভারতের গুজরাটের ভাদিনারে জাহাজ মেরামত শিল্পকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর লক্ষ্য সামুদ্রিক অবকাঠামো ও শিল্প সহযোগিতা বাড়ানো। পৃথকভাবে আমিরাত ঘোষণা দিয়েছে, তারা ভারতের অবকাঠামো খাতের পাশাপাশি আরবিএল ব্যাংক এবং সাম্মান ক্যাপিটালে মোট ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মোদি আঞ্চলিক উত্তেজনা নিরসনে ‘সংলাপ ও কূটনীতি’র গুরুত্বের ওপর জোর দেন। তিনি কঠিন পরিস্থিতিতে ধৈর্য দেখানোর জন্য আমিরাতের প্রেসিডেন্টের প্রশংসাও করেন। সেইসঙ্গে আমিরাতের ওপর হওয়া হামলার নিন্দা জানিয়ে মোদি বলেন, ‘ভারত সবসময় আমিরাতের পাশে রয়েছে। তিনি আরও বলেন, আমিরাতে বসবাসরত ভারতীয়দের দেশটির সরকার ‘পরিবারের সদস্যের মতো’ দেখভাল করছে। এছাড়া পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অঞ্চলের উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে জরুরি।

এদিকে হরমুজ প্রণালিকে ‘মুক্ত, উন্মুক্ত এবং নিরাপদ’ রাখার ওপর জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে আমিরাতের ওপর ইরানের হামলার সমালোচনা করে একে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছেন এবং এই সংকটে ভারত আরব আমিরাতের পাশে আছে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

চার দেশের ইউরোপ সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে মোদি এই মন্তব্য করেন। শুক্রবার সকালে দিল্লি থেকে রওনা হয়ে বিকেলে তিনি আমিরাতে পৌঁছান এবং সেখানে তিন ঘণ্টারও কম সময় অবস্থান করেন। গত দুই মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে। বৈঠকে আমিরাতের শাসকের সঙ্গে সাক্ষাৎকালে মোদি ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় ভারতের পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন। এই কঠিন সময়ে ‘সাহস ও প্রজ্ঞা’ প্রদর্শনের জন্য তিনি আমিরাতের প্রেসিডেন্টের প্রশংসা করেন এবং আরব আমিরাতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়কে ‘পরিবারের সদস্যের’ মতো যত্ন নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান। সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে উল্লেখ করে মোদি বলেন, ভারত সবসময় সংলাপ ও কূটনীতির পক্ষে। বৈঠকে দুই নেতা তাদের মধ্যকার ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন। উল্লেখ্য আমিরাত সফরের মাত্র একদিন আগেই মোদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছিলেন।