টাইমস অব ইসরায়েল : দখলদার ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনকারীদের হাতে নিজেদের ভূখণ্ডে যুগ যুগ ধরে অত্যাচারিত হয়ে আসছেন ফিলিস্তিনিরা। দিন দিন যা সব সীমা অতিক্রম করছে। এবার এক ফিলিস্তিনির মরদেহ কবর থেকে তুলে আরেক জায়গায় নতুন করে কবর দিতে বাধ্য করেছে ওই বসতিস্থাপনকারীরা। পশ্চিমবঙ্গের নতুন গঠিত অবৈধ বসতি সা-নুরের কাছে এক ফিলিস্তিনিকে কবর দেওয়া হয়। ইসরায়েলি দখলদাররা দাবি করে, তার কবরটি সা-নুর বসতির খুব কাছে অবস্থিত। এরপর তারা মাটি খোঁড়ার জিনিসপত্র এনে কবরটি থেকে লাশ তুলে ফেলার চেষ্টা করে। অন্য ফিলিস্তিনিরা বিষয়টি জানতে পেরে সেখানে আবারও ছুটে আসেন। এরপর ইসরায়েলিরা তাদের সঙ্গে ঝামেলা শুরু করে। সেখানে তখন ছুটে আসে ইসরায়েলি সেনারা। কিন্তু ওই ফিলিস্তিনির মরদেহকে কোনো নিরাপত্তা দেয়নি তারা। বরং তাদের সামনেই কবর থেকে লাশ তুলতে ফিলিস্তিনিদের বাধ্য করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী পরে অবশ্য এ ঘটনার নিন্দা জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, “জননিরাপত্তা বিঘ্নিত করে, আইনের শাসন বাধাগ্রস্ত করে এবং জীবিত ও মৃতদের সম্মানকে লঙ্ঘন করে এমন যে কোনো ঘটনার নিন্দা জানাই আমরা।”
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, তাদের সঙ্গে সমন্বয় করেই ওই মরদেহটি সমাহিত করা হয়েছিল। আন্তর্জাতিক আইনে অবৈধ বসতি স্থাপন নিষিদ্ধ হলেও; ইসরায়েল এটির তোয়াক্কা করে না। তারা প্রতিবছর ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে সেখানে বসতি বানিয়ে যাচ্ছে।