সৌদি আরবের পবিত্র মসজিদে নববীকে কেন্দ্র করে পরিচালিত কুরআন শিক্ষার বিভিন্ন কর্মসূচি বিশ্বজুড়ে মুসলিমদের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এসব কর্মসূচির আওতায় প্রতিদিন বিশ্বের ১৭০টি দেশের ৮০ হাজারেরও বেশি শিক্ষার্থী ১৬টি ভাষায় পবিত্র কুরআনের শিক্ষা গ্রহণ করছেন।

মসজিদে নববীর তত্ত্বাবধানে পরিচালিত এই শিক্ষা কার্যক্রমে কুরআন তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ (তাজবিদ), হিফজ এবং ইসলামের মৌলিক শিক্ষা বিশেষ গুরুত্বের সঙ্গে শেখানো হয়। আরবির পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় পাঠদানের ব্যবস্থা থাকায় বিশ্বের নানা দেশের মুসল্লি ও শিক্ষার্থীরা সহজেই এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে প্রতিদিন গড়ে পাঁচজন নতুন হাফেজে কুরআন তৈরি হচ্ছেন। তাদের মতে, এ উদ্যোগ বিশ্বব্যাপী কুরআনের শিক্ষা, সংরক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এদিকে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান সম্প্রতি মসজিদে নববীতে পরিচালিত কুরআন শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন কুরআন শিক্ষা হালকা, শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রচেষ্টার প্রশংসা করেন এবং কুরআনের শিক্ষা ও হিফজ কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

পবিত্র দুই মসজিদের সেবায় নিয়োজিত সৌদি কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এসব কর্মসূচি শুধু সৌদি আরবেই নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও কুরআনের শিক্ষা বিস্তার এবং নতুন প্রজন্মকে কুরআনের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন