এক্সে, রয়টার্স : মিডল ইস্ট মনিটর, টাইমস অব ইসরাইল, সিনহুয়া লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ছোড়া বিস্ফোরক ড্রোন হামলায় তাদের একজন সেনা সদস্য নিহত হয়েছে বলে সোমবার জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এর ফলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিবৃতিতে জানানো হয়েছে, নিহত সেনার নাম নেহোরাই লেইজার। ১৯ বছর বয়সি লেইজার ৬০১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং দক্ষিণ লেবাননে যুদ্ধে নিহত হন তিনি।

ইসরাইলি সেনাবাহিনী পৃথক এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, যে ঘটনায় লেইজার নিহত হয়েছেন, সেখানে আরো এক সেনা গুরুতর আহত হয়েছেন। লেবাননে গত ২ মার্চ সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ২৪ জন ইসরাইলি নিহত হয়েছেন। এদের মধ্যে ২৩ জন সেনাসদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার রয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরাইল আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে। রবিবার দিনভর চালানো এই হামলায় নারী ও যুবকসহ অন্তত ১৪ জন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। আকস্মিক এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও বহু মানুষ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবারের হামলায় সবচেয়ে বেশি রক্তপাত ও প্রাণহানি ঘটেছে নাবাতিয়া প্রদেশের ‘সাইর আল-গারবিয়াহ’ শহরে। সেখানে ইসরাইলি যুদ্ধবিমান থেকে একটি আবাসিক এলাকা লক্ষ্য করে চালালে একযোগে ১১ জন নিহত ও ৯ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা।

অন্যদিকে, টায়ার জেলার ‘বাজুরিয়াহ’ শহরে ইসরাইলি যুদ্ধবিমানের পৃথক হামলায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। একই জেলার ‘তুরা’ শহরের একটি বসতবাড়িতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় জায়নবাদী বাহিনী। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত এবং দুইজন আহত হন। এছাড়া, নাবাতিয়া জেলার ‘আরাবসালিম’ শহরে একটি ড্রোন হামলায় এক লেবানিজ যুবক প্রাণ হারিয়েছেন।