আনাদোলু এজেন্সি : দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী তাল আল-নাহাস এলাকায় ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনের সমাবেশ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, কফর কিলা গ্রামের উপকণ্ঠে অবস্থানরত ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হামলাটি সরাসরি সীমান্ত এলাকায় মোতায়েন ইসরাইলি সেনাদের ওপর আঘাত হানে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

এর আগে, রবিবার ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করে, দক্ষিণ লেবাননে সংঘাতে তাদের একজন সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং দু’জন মাঝারি ধরনের আহত বলে জানানো হয়। তবে এই হতাহতের ঘটনা ঠিক কখন এবং কী পরিস্থিতিতে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইসরাইলি কর্তৃপক্ষ। হিজবুল্লাহ দাবি করেছে, ইসরাইল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তার প্রতিবাদে তারা দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার সূত্রপাত হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বিমান হামলা শুরু করে।